জঙ্গিদের বাড়িওয়ালা নূরউদ্দিন রিমান্ডে

রিমান্ড মঞ্জুর হওয়ার পর নূরুদ্দিন দেওয়ান

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গির মৃত্যুর ঘটনায়, বাড়ি ভাড়া দেওয়া মালিক নূরউদ্দিন দেওয়ানকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে বিকেল সোয়া ৪টায় দেওয়া আদেশে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে পাইকপাড়ার ঘটনায় নূরউদ্দিন দেওয়ানকে সন্দেহজনক ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠান মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক।

শনিবারের পাইকপাড়ার ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বাদী হয়ে নিহত জঙ্গি তামিম চৌধুরীসহ তার সঙ্গে থাকা অপর দুইজন সহ অজ্ঞাত আরও ১০/১১ জনকে আসামী করে মামলা করেন।

জঙ্গি অভিযানের পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানসহ ১০ জনকে আটক করে। এর মধ্যে বাড়ির মালিক বাদে ৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাড়ির মালিক নূরুউদ্দিন দেওয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ২ জুলাই একমি ল্যাবরেটরিজের কর্মকর্তার পরিচয় দিয়ে মুরাদ ও রানা নামে দুইজন যুবক বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা।

/এইচকে/ 

 

পড়ুন: ‘পরবর্তী টার্গেট জিয়া’

পড়ুন: কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা

পড়ুন: কিঞ্চিৎ সন্দেহে বাসা ছাড়তে নোটিশ দেওয়া হয় না.গঞ্জে নিহত জঙ্গিদের