শঙ্কা কেটে গেছে, বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না : তোফায়েল

তোফায়েল আহমেদজঙ্গিবাদ নিয়ে শঙ্কা কেটে গেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরের আদমজী ইপিজেড এলাকাতে বিটপি গ্রুপের রেমি হোল্ডিংস লিমিটেড এর একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধন শেষে বানিজ্যমন্ত্রী বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর যারা একটু শঙ্কিত হয়েছিলেন সেই শঙ্কা ইতোমধ্যে দূরে হয়ে গেছে। যারা আমাদের দেশ থেকে তৈরি পোশাক আমদানি করে, তাদের বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জানিয়েছেন, ব্যবসা বাণিজ্যের কোনও খাতে হলি আর্টিজানের ঘটনা ও জঙ্গী তৎপরতায় প্রভাব ফেলবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে দিন দিন এগিয়ে চলেছে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাত থেকে রপ্তানির ৫০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আর ওই বছরের মধ্যে আমাদের রফতানি টার্গেট হবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ ইস্যুতে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সাম্প্রতিক জঙ্গিরা টার্গেট করে বিদেশিদের হত্যা করেছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে জঙ্গিদের দমনে কাজ করছে। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু ঘটনাও ঘটেছে। এত কিছুর পরেও অর্থনৈতিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে। এতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। অগ্রযাত্রাকেও থামানো যাবে না।

বক্তব্যের এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রিজার্ভ বেশি বলে দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও সামাজিকভাবেও এগিয়ে বাংলাদেশ।’

বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ প্রমুখ।

/এইচকে/

আরও পড়ুন: পুলিশ আমাদের সব ব্যাপারে সাহায্য করছে: বার্নিকাট