যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর তার লাশ মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে দাফন করা হবে। প্রশাসনের দায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। এজন্য সড়ক পথে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।
জানা গেছে, মীর কাসেম আলীর নির্মিত মসজিদ সংলগ্ন লেবু বাগানের পাশে তার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। যে স্থানে তাকে দাফন করা হবে তার আশপাশের মানুষের আনাগোনাও সীমিত করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সব কিছু প্রস্তুত রাখা আছে। মীর কাসেম আলীর লাশ দাফনে যাতে কোনও প্রতিবন্ধকতা না হয় সেজন্য ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিন শতাধিকেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছে মীর কাসেম আলীর গ্রামের বাড়ি ঘিরে।
/এমও/