নারায়ণগঞ্জে জঙ্গিদের সেই ভাড়া বাড়িতে এখনও সিলগালা

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অপারেশন হিট স্ট্রং-২৭ চালানো  জঙ্গিদের  সেই ভাড়া বাড়িটি এখনও সীলাগালা অবস্থায় রয়েছে। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ।পাইকপাড়ায় জঙ্গিদের সেই ভাড়া বাড়ি

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন সড়কের শেষ প্রান্তের ৪১০/১ নাম্বারের তিনতলা আবাসিক ভবন ‘দেওয়ান বাড়ি’ এর উত্তর দিকের ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘাটি গড়ে তুলেছিল জেএমবি’র জঙ্গিরা। গত ২ জুলাই একমি ল্যাবরেটরিজের কর্মকর্তার পরিচয় দিয়ে মুরাদ ও রানা নামে দুই যুবক বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা। নিহত ৩ জন ছাড়াও আরও ৪-৫ জন জঙ্গি সেখানে বসবাস করতো। ৭-৮জন জঙ্গির নিয়মিত যাতায়াতও ছিল। এ বাড়িতেই চলতো জঙ্গি প্রশিক্ষণ।

গত ২৭ আগস্ট সকালে ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামের অভিযানে গুলশান জঙ্গি হামলার মাস্টারমাইন্ড খ্যাত নব্য জেএমবি লিডার তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে ২৪ ধরনের আলামত জব্দ করা হয়।

গত ২৭ আগস্ট পাইকপাড়ার ঘটনার পর বাড়িওয়ালা নুরউদ্দিন দেওয়ানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া বাড়ির মালিকের মোবাইলের কল লিস্টও যাচাই-বাছাই করা হচ্ছে। সিলগালা কবে নাগাদ খোলা হবে সেটি নির্ভর করছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার ওপর।

আরও পড়ুন: চারাগাঁও সীমান্ত থেকে বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ
/এআর/