খালেদা জিয়ার উপদেষ্টার পদ ছাড়ছেন তৈমুর আলম খন্দকার

তৈমুর আলম খন্দকারবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। খালেদা জিয়া পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পরই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় তার নিজ বাড়ি মজলুম মিলনায়তনে একসভায় তিনি এই ঘোষণা দেন।   

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এইসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা তৈমুর আলম খন্দকারকে খালেদা জিয়ার উপদেষ্টার পদত্যাগ করে নেতাকর্মীদের জন্য জেলায় সভাপতির পদে থাকার দাবি জানান।  

সভায় নেতাকর্মীরা বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপির সব সুবিধা ভোগকারী নেতারা কোনও আন্দোলন সংগ্রামে থাকেন না। বিএনপির কোনও কর্মসূচিতে দেখা না গেলেও বর্তমান ক্ষমতাসীন দলের বিভিন্ন কর্মসূচিতে এমপিদের সঙ্গে মঞ্চে দেখা যায়। আর দলের দুঃসময়ে তাদের কোনও কিছুতেই দেখা যায় না। তাই নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচাতে ও দলের নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৈমুর আলম খন্দকারকেই জেলার দায়িত্ব নেওয়া প্রয়োজন। না হলে রাজপথে আন্দোলন সংগ্রামের সব নেতাকর্মী আরও মামলা মোকদ্দমায় ছিন্নভিন্ন হয়ে যাবেন।’

নারায়ণগঞ্জ  জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘কেন্দ্রীয় কমিটির কারও কাছে মাথা নত করে দল করতে চাই না। যেকোনও প্রয়োজনে  খালেদা জিয়ার সঙ্গে কথা বলব। যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা-মোকদ্দমা খেয়েছে, পুলিশের হাতে নির্যাতিত হয়েছে তারাই জেলা ও মহানগরে থাকবে। এর বাইরে কাউকে দলে জায়গা দেওয়া যাবে না।’  তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের দাবির বাইরে আমি যেতে পারব না। তাদের দাবির পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া দেশে ফেরার পরই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করব।’

 আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন করব। এ বিষয়ে আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না।  খালেদা জিয়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নির্বাচন করবেন। তবে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করবেন ওই তিনটি থানা কমিটির নেতারা। তাদের মনোনীতরাই কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হবেন।’

প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ৫০২ জনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। যার মধ্যে ১৯ সদস্যের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫জন এবং যুগ্ম মহাসচিব সাতজন। তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টার পদ দেওয়া হয়।

/এমএনএইচ/