শিশু জান্নাতের নির্যাতনকারী গৃহকর্ত্রীও গ্রেফতার

গাজীপুরগাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় আত্মীয়ের বাসা থেকে মনি বেগমকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সরদারকে আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বাংলা ট্রিবিউনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন। মনি বেগমকে শনিবার গাজীপুর আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই )আবদুল আজিজ জানান, শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়। মামলার বাদী হয়েছেন শিশুটির প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া। এ মামলায় গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সরদারকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য,চাঁদপুরের হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের মিন্টু মাতব্বরের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। এক বছর আগে মোস্তফা সরদার তার ভায়রা গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাসায় কাজ করতে নিয়ে আসেন। ওমর ফারুক সিভিল এভিয়েশনের ট্রলির ড্রাইভার। জান্নাতের মা ফিরোজা বেগম মোস্তফা সরদারের খালাতো বোন। বাড়ি যেতে চাওয়ায় ও ঈদে জামা কিনে দিতে বলায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম মিলে জান্নাতের ওপর নির্যাতন চালান। বুধবার রাতে মোস্তফা সরদার অচেতন অবস্থায় জান্নাতকে   চাদঁপুরের হাইমচরে গ্রামের বাড়িতে নিয়ে যান। শিশু জান্নাত বর্তমানে হাইমচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এমডিপি/এপিএইচ/