কিশোরগঞ্জে বজ্রাঘাতে নিহত ৩

বজ্রাঘাতকিশোরগঞ্জ সদর ও হাওর উপজেলা নিকলীতে পৃথক বজ্রাঘাতে দুই জেলেসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই জন।
সোমবার দুপুর এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা গ্রামের আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২৬), মৃত সুনাম উদ্দিনের ছেলে রুসমত আলী (৩৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিকলীর সাজনপুর হাওরে মাছ ধরছিল স্থানীয় ৪ জেলে। এসময় তুমুল বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন চার জেলে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রঘাতে ঘটনাস্থলে নিহত হন যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন।

আহত সাজনপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোকারম হোসেন (২২) ও ওসমানের ছেলে আসাদ মিয়া (৩০) কে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনএস/