সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাভারসাভারে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ রাসেলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। শুধু জমি দখলই নয়, জমির প্রকৃত মালিককে প্রাণনাশের হুমকিও দিয়েছেন ওই নেতা। বৃহস্পতিবার সকালে জমির মালিক স্থানীয় সংবাদকর্মীদের কাছে লিখিত এ অভিযোগ করেন।

সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় দখলকৃত ওই জমির মূল্য প্রায় ২০ লাখ টাকা।

জমির মালিক আহসান হাবিব অভিযোগ করে বলেন, প্রায় ১৫ বছর আগে তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় তার স্ত্রীর বড় ভাইয়ের কাছ থেকে সাত শতাংশ জমি ক্রয় করেন। পরে সেখান থেকে সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করে দেন। এর মধ্যে দেড় শতাংশ জমি পৌর কর্তৃপক্ষ সড়কের জন্য নিয়ে নেয়। এরপর থেকেই বাকি দুই শতাংশ জমি খালি পড়ে আছে। এদিকে, হঠাৎ করেই কয়েক মাস আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ রাসেল, ব্যাংক কলোনি এলাকার ছাত্রলীগ কর্মী অলীপ রানাসহ ছাত্রলীগের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী তার খালি জমিতে সীমানা প্রাচীর তৈরি করে দখলে নেয়। এমনকি ওই জমিতে জাবি ছাত্রলীগের একটি সাইনবোর্ড লাগিয়ে দেয় তারা। শুধু জমি দখল করেই খ্যান্ত হয়নি ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকেই তাকে একাধিকবার প্রাণনাশেরও হুমকি দেয়।

আহসান হাবিব অভিযোগ করে আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মেরে ফেলার জন্য বেশ কয়েকবার হুমকি দিয়েছে। এসব ঘটনায় তিনি থানায় একাধিকবার অভিযোগ দিলেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ বলেন, জমিটি আমি অলীপের কাছ থেকে কিনেছি। তবে অলিপ ক্রয়সূত্রে অথবা ওয়ারিশ সূত্রে জমিটির মালিক কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:
কানাডা নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কিরণমালা দেখতে গিয়ে প্রাণ গেল কিশোরীর!

/বিটি/