শিশুটির মরদেহ বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরে এসে পৌঁছায়।ফরিদপুর শহরের কমলাপুর কেন্দ্রীয় ঈদগায় গালিবার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো.আদিলুদ্দিন।
এদিকে, শিশুটির মৃত্যু খবর শহরে ছড়িয়ে পড়লে ফরিদপুরে শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষ গালিবার মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেন।
২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ‘ডা. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে’ জন্ম নেয় ক্রিকেট খেলোয়াড় নাজমুল হুদা মিঠু ও নাজনীন আক্তারের প্রথম সন্তান গালিবা হায়াত। কিন্তু জন্মের পর শিশুটির হার্টবিট না পাওয়ায় হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. রিজিয়া আলম তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেওয়া হলে দাফনের আগে সে নড়ে উঠে। এরপর দ্রুত তাকে ওই হাসপাতালেই ইনকিউবিটরে রাখা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিশুটি মারা যায়। আজ সোমবার গালিবাকে বেলা ১২টা ৯ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।
/এমডিপি/টিএন/