নরসিংদীতে বিদেশি পিস্তলসহ চারজন গ্রেফতার

Narsingdi Recovery pic 10.10.2016নরসিংদীতে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে শহরের বীরপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর বীরপুর মহল্লার মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (২৪), হাজীপুর মৌলভীপাড়ার আমির হোসেন (২২), হাজীপুর সওদাগর পাড়ার মো. মুন্না (২২) ও হাজীপুর গ্রামের আবদুর রশিদ মিয়া (২০)।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বীরপুর মহল্লায় অভিযান চালায়। অভিযানে প্রথমে রিজভীকে তার বাড়ি থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়াযী আরও তিন সহযোগীকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে গুলিসহ আরও দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে  বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

/এমডিপি/