আশুলিয়ায় মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, আটক ১

সাভারআশুলিয়ায় রবিউল মিয়া নামের ৫ বছরের এক শিশুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা ইয়ানুরকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আইয়ুব খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ানুরের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার দালালপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়ানুর আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় তার ২য় স্বামী শাহজাহান ফকিরের সঙ্গে শিশু রবিউলকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার রাতে রবিউল না ঘুমানোর বায়না করলে ইয়ানুর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে ইয়ানুর গলা টিপে ধরলে রবিউল অচেতন হয়ে পড়ে। তাকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান,লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমডিপি/