আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিদেরকে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘ জঙ্গিদের কাছে বার্তা চলে গেছে, এ দেশে তাদের কোনও ঠাঁই নেই।’
সোমবার বিকালে নারায়ণগঞ্জ বন্দর থানার লাঙ্গলবন্ধ রাজঘাটে দুর্গাপূজা উৎসব পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।
আইজিপি বলেন,‘নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জঙ্গিদের অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশ প্রধান আরও বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার পরিশ্রমের কারণে এ দেশ আজ জঙ্গি মুক্ত হচ্ছে।’
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে আইজিপি বলেন,‘সারা দেশে ৩০ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। গোটা দেশে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। কোনও অশুভ শক্তি এ পূজা উৎসবকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (হাইওয়ে) ফখরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, বন্দর থানার ওসি আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর চন্দ্র সাহা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিখন সরকার সিপন প্রমুখ।
/এআর/