টাঙ্গাইলের কালিহাতীতে ফেটে যাওয়া গ্যাস লাইন মেরামতের কারণে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
টাঙ্গাইল তিতাস গ্যাস জোনাল বিপণন অফিসের সহ-ব্যবস্থাপক (রাজস্ব) খন্দকার মঞ্জুর রহমান বলেন, ‘গত ৫ অক্টোবর কালিহাতী উপজেলার পুংলি নদীতে তিতাস গ্যাসের ২০ ইঞ্চি সঞ্চালন লাইনটি ফেটে যায়। এটি মেরামতের জন্য শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এলেঙ্গা গ্রিড লাইন বন্ধ থাকবে। এতে এলেঙ্গা থেকে মির্জাপুরের কুমুদিনি পর্যন্ত সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন নর্থ ডিভিশনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু বর সিদ্দিকীর তত্ত্বাবধানে ঢাকার দুইটি টিম এবং টাঙ্গাইলের একটি টিম এটির মেরামত কাজ করছে বলেও জানান মঞ্জুর রহমান।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর কালিহাতী উপজেলার পুংলি নদীতে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে যায়। ওইদিন জেলায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে বিকল্প লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে।
/এসটি/