গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার





গ্রেফতারগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ডগুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম আজাদ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, ‘গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্য বরমী এলাকায় এসএম আজাদের বাড়িতে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছে, এমন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌন তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আজাদকে আটক করা হয় এবং তার শোয়ার কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ১টি বিদেশি সচল পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিভর্তি ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।’
র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আরও জানান, ‘আজাদ গাজীপুর জেলার একজন অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী। সে বরমীর চাঞ্চল্যকর আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি। আজাদকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করা এবং অস্ত্র বেচাকেনা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। সে বরমী এলাকায় কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী বাঘ বাদল ও নৌ ডাকাত মোমেনের ঘনিষ্ঠ সহযোগী।’
/এমএনএইচ/