শরীয়তপুরে পুলিশকে মারধরের ঘটনায় ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২






গ্রেফতারের প্রতীকী ছবিশরীয়তপুরে পুলিশকে মারধর ও চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হাওলাদারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


সন্ধ্যা ৬টায় শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, ১ নভেম্বর শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহাকে লাঞ্ছিত করে সদর উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন। এসময় সেখানে উপস্থিত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর এ ঘটনার প্রতিবাদ করলে সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আক্তার হোসেন তাকে চড় মারলে ওই পুলিশ সদস্যের কানের পর্দা ফেটে যায়। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় পালং মডেল থানায় ডা. সুমন কুমার পোদ্দার ও পালং থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে আলমগীর হাওলাদার, আক্তার হোসেন ও জাগরণ শেখকে আসামি করে পৃথক ২টি মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ তাদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভীর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার শের-ই বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থ্যাপনা কমিটির সভাপতি জাগরন শেখকে গ্রেফতার করে। তবে মামলার অপর আসামি সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ সভাপতি আক্তার হোসেন ঢালীকে এখনও গ্রেফতার করা যায়নি।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকায় অভিযান চালিয়ে পুলিশকে মারধরের মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের শরীয়তপুর নিয়ে আসা হচ্ছে। মামলার অপর আসামি আক্তার হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/