রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে অগ্নিসংযোগ

মাটিপড়ায় অগ্নিসংযোগ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা সদরের রামকান্তুপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া ৭নং ওয়ার্ডে বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার বাদী ও বিবাদী অভিযোগের তীর ছুড়ছেন একে অপরের দিকে।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগে ৭নং ওয়ার্ডের হাশেম মন্ডলের একটি গোয়াল ঘর, ১টি রান্না ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

তবে স্থানীয়দের অভিযোগ— জমির মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে এমন নাটক সাজিয়েছে এলাকার হাশেম মন্ডল ও তার স্বজনেরা।

ক্ষতিগ্রস্ত নাছির মন্ডল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রতিবেশী মৃত বল্লোক সেখের ছেলে মালেক শেখ এর সঙ্গে তার চাচা হাশেম সেখের প্রায় ৪০ বছর ধরে জমি জমা নিয়ে মামলা চলছে। এমন অবস্থায় মালেক শেখ তার লোকবল নিয়ে বাগানের গাছ, বাঁশ ও ক্ষেতের ধান কেটে নিয়ে গেছে।এর প্রতিবাদ করলেও কোনও প্রতিকার হয়নি। তবে ধারণা করা হচ্ছে প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকেরা বাড়িতে শত্রুতামূলকভাবে অগ্নিসংযোগ করেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

অপরদিকে মালেক শেখ (৬০) অভিযোগ করে বলেন, জেলা সদরের রামকান্তুপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া ৭নং ওয়ার্ডের মধ্যে ৪টি দাগের প্রায় ৮ একর জমি নিয়ে মামলা চলছে যা আদালত থেকে তারা ডিক্রিপ্রাপ্ত হয়েছেন।এটি তাদের ওয়ারিশের জমি। আর আদালতে ডিক্রি প্রাপ্ত হলেও প্রতিবেশী হাশেম মন্ডল তার লোকবল নিয়ে জোর করে জমিজমা ভোগ দখল করে আছে।

সমাজের কাছে সহানুভূতি পেতে তারা নিজেদের বাড়ি ঘরে নিজেরাই আগুন লাগিয়ে তামাশা করছে।এই গ্রামের সবার কাছেই হাশেমের পরিবার জোর দখলদার হিসেবে চিহ্নিত।

মালেক শেখ (৬০) অভিযোগ করে আরও বলেন, তিনি একাধিকবার স্ট্রোক করেছেন। শারীরিকভাবে বেশ অসুস্থ। এ অবস্থায় কী করে তিনি অন্যের বাড়িতে আগুন লাগাবেন? তিনি তার প্রাপ্য জমি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

রামকান্তুপুরের চেয়ারম্যান আবুল হাশেম জানান,অগ্নিসংযোগের খবর পেয়ে তিনি ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর (পুরুষ মেম্বার) নূর মোহাম্মদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোপূর্বে তিনি দু’পক্ষকেই তাদের কাগজপত্র নিয়ে আইনজীবীসহ পরিষদে বসার কথা জানিয়ে ছিলেন। কিন্তু কোনও পক্ষই তা মানেনি।

অগ্নিসংযোগের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি শত্রুতামূলক ঘটেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আব্দুল হালিম জানান,আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা পৌছে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পুলিশি তদন্ত চলছে।

/এইচকে/