নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মহানগর আওয়ামী লীগের প্রস্তাবনায় নাম না থাকলেও নিজেই এককভাবে দলের মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া লিখিত আবেদনপত্রে তিনি ওই মনোনয়ন চান।
মুঠোফোনে সেলিনা হায়াৎ আইভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে।’
এর আগে গত ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাবনা করা হয়। এছাড়া তিনজনের নাম দেওয়ার বিধান থাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের নামও পাশাপাশি প্রস্তাব করা হয়। তালিকাটি সন্ধ্যায় কেন্দ্রের কাছে পাঠানো হয়।
শুক্রবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে ওই আবেদনপত্র জমা দেওয়া হয়।
/এইচকে/