প্রয়োজনে আমিও মেয়র প্রার্থী হতে পারি: সেলিম ওসমান

সেলিম ওসমাননারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনগত কোনও সমস্যায় পড়লে জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তিনি বলেন,‘আমাদের কয়েকজন প্রার্থী তালিকাতে আছেন। প্রয়োজনে আমিও মেয়র প্রার্থী হতে পারি।’

রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে জাতীয় পার্টির সভা শেষে উপস্থিত গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে ওই সভাতে সেলিম ওসমানকে মেয়র প্রার্থী নির্ধারণ করতে দলের নেতাকর্মীরা অনুরোধ জানান।

সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ নির্বাচনে মাতৃতুল্য প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে সেক্রিফাইস করেছেন। যেহেতু সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রধানমন্ত্রী প্রার্থী দিয়েছেন সেহেতু জাতীয় পার্টিও এখানে সেক্রিফাইস করবে বলে আমার বিশ্বাস।’

২০১৪ সালের উপ নির্বাচনে সেলিম ওসমান যে আসনে এমপি হয়েছেন সেই নারায়ণগঞ্জ-৫ আসনে এর আগে জাতীয় পার্টির এমপি ছিলেন বড় ভাই নাসিম ওসমান। তিনি এর আগেও দুইবার এমপি ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে মহাজোট জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয়।

উল্লেখ্য,১৫ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাবনা করা হয়। পরে ১৭ নভেম্বর ওই তিনজনের নাম কেন্দ্রে জমা দেওয়া হলেও ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আইভীকে মনোনয়ন দেন।

/এমডিপি/