কারাগার থেকে 'নেতা' ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের!

Narayanganj Rab (2)নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জসিমউদ্দিন রাহমানী নামে এক নেতাকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে বা রাস্তায় হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তারা আলোচিত ব্লগার ও 'নাস্তিকদের' হত্যার পরিকল্পনাও করছিল।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে  র‌্যাবের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার ভোরে  নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কিছু জিহাদি বই, চাপাতি-ও ছুরিসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার আব্বাস আলী (২৭) ও রংপুর জেলার কাউনিয়া এলাকার সাব্বির হোসেন রাজু (২২)।

Narayanganj Rab (1)কর্নেল কামরুল হাসান জানান, আটক আব্বাসী আলী আনসারুল্লাহ বাংলা টিমের ঢাকা বিভাগের সমন্বয়ক। সে ফেসবুকে ৬ থেকে ৭জনের গ্রুপ তৈরির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ ও মাধ্যম হিসেবে ‘টোটানোটা’ ইমেইল ব্যবহার করতো। অপরদিকে সাব্বির হোসেন রাজু ফেসবুকের কিছু গ্রুপের অ্যাডমিন ছিল। সে জিহাদি বই সংগ্রহ করে অন্যদের দিয়ে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতো।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সোশ্যাল মিডিয়া থেকে আল কায়দার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে জঙ্গি কার্যত্রম পরিচালনা করতো। তাদের অন্যতম লক্ষ্য ছিল কাশিমপুর কাগারে হামলা করে গ্রেফতার তাদের নেতা জসিমউদ্দিন রাহমানীকে মুক্ত করা। সেজন্য তারা কাশিমপুর এলাকার কয়েকটি গ্রুপের সঙ্গে সমন্বয় করেছিল এবং হামলার অপেক্ষায় ছিল। বিকল্প হিসেবে তারা রাস্তায় হামলা করে রাহমানীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই সঙ্গে টার্গেট কিলিংয়ের জন্য আলোচিত ব্লগার ও তাদের ভাষায় কথিত নাস্তিকদের হত্যার পরিকল্পনা করেছিল। এসব কাজগুলো সম্পন্ন করতে অন্য জঙ্গি গ্রুপের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে একত্রিত হওয়ার প্রচেষ্টা চালায় তারা। আর এ ব্যাপারে তারা নিয়মিত বৈঠক করে সাংগঠনিক পরামর্শ করতো।

/এমডিপি/