নারায়ণগঞ্জের ১৭৪ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

নাসিকনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখনও ভালো আছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ ওঠেনি। এমন পরিস্থিতি বিরাজমান থাকলে সেনাবাহিনীর প্রয়োজন হবে না। তবে আমার দৃষ্টিতে ১৭৪টি ভোট কেন্দ্রের একটি কেন্দ্রও নিরাপদ নয়। শুধু ঝুঁকিপূর্ণ নয় অতি ঝুঁকিপূর্ণ। এ বলার অর্থ হলো যাতে প্রয়োজনের চেয়ে বেশি জনবল পাই। আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়।’

রবিবার ২৭ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়া প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আইন কানুন দুইপক্ষকে মানতে হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন এমনকি সারাদিন ভোট কেন্দ্রে ঘুরে কাউকে ভোট না দিয়ে চলে আসবেন সেটা হলো অবাধ। নিরপেক্ষ শুধু আমরা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমার অধীনে ১০ হাজার কর্মকর্তা কাজ করবেন।’

নারায়ণগঞ্জের নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসেবে দাবি করে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন। কারণ আমি বন্দর এলাকাতে গিয়েছিলাম। সেখানে যাতায়াতের রাস্তা একটা চ্যালেঞ্জ। এই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সেটা একটি চ্যালেঞ্জ। তবে নারায়ণগঞ্জ অন্য কোনও কারণে চ্যলেঞ্জিং না।’

বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় বৈধ অস্ত্র সংগ্রহ করা যাদের কাজ, তাদেরকে বলবো স্বচ্ছতার সঙ্গে এ কাজ করতে। তাছাড়া অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিষয়ে যারা ব্যবস্থা গ্রহণ করবে তাদের সঙ্গেও আলোচনা করবো। তাদের কাছ থেকে জানবো তারা কিভাবে কাজ করছে।’

পোলিং এজেন্টের বিষয়ে প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শিক্ষিত ও সাহসী ১৭৪ জন পোলিং এজেন্ট দেবেন। প্রয়োজনে আমরা তাদের প্রশিক্ষণ দেবো। কারণ নির্বাচন চলাকালীন সময়ে আমি তাদের কথাই শুনবো। কোনও প্রার্থীর কথা শুনবো না।’

নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর উঠান বৈঠক, ঘরোয়া সভা করা যাবে। তবে মিছিল, শোভাযাত্রা ও সভা সমাবেশ করা যাবে না। তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনিকি আচরণবিধি লংঘন করলে কেউ ভোট দেবে না।’

আসন্ন সিটি নির্বাচন প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আশা করছি গত বছরের তুলনায় এবার বেশি ভোট হবে। ভোট অন্য কোনও কেন্দ্রে গণনা করা হবে না। ভোট গণনার পরিস্থিতি না থাকলে কেন্দ্রেই বাতিল ঘোষণা করা হবে।’

দলবাজ নির্বাচন কর্মকর্তা প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আপনারাই গ্রাউন্ডওয়ার্ক করুন। দলবাজ কর্মকর্তা থাকলে তাদের সম্পর্কে জানান। যদি এমন কেউ থাকে তাহলে শক্তভাবে ধরবেন যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। না হলে তারা তখন আপনাদের বিরুদ্ধে কাজ করবে। নির্বাচন একটা যুদ্ধ। সকলের জন্য লেভেল প্লেয়িং হবে।’ তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে  সবার সহযোগিতা চান রিটার্নিং অফিসার।

আরও পড়ুন:
নেতাদের বাড়িতে সাখাওয়াত, নীরব প্রস্তুতি আইভীর

/বিটি/