নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুরে বিআর স্পিনিং মিলে মো. ইয়ামিন (১৬) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। বুধবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল আলীম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ইয়ামিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। আটক রায়হান ওরফে হৃদয় সোনারগাঁয়ের নুরুল হকের ছেলে।
জানা যায়, কাজ শেষে শরীরে থাকা তুলা পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগ পুলিশ নিহত ইয়ামিনের সহকর্মী রায়হান হৃদয়কে (১৮) আটক করেছে।
এসআই জানান, বিআর স্পিনিং মিলে দুপুর ২টা থেকে ইয়ামিন দায়িত্বরত ছিল। রাত পৌনে ১০টার দিকে কাজ শেষে বাতাসের মেশিনের সামনে শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে রায়হান ওরফে হৃদয় নামে একজন ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়- এমন তথ্য জানতে পেরেছি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু ঘটে। পুলিশ রায়হান ওরফে হৃদয়কে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য এর আগে গত ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে সাগর বর্মন (১০) নামের শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে।
/এইচকে/