নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন বলেন, ‘ভোট কেন্দ্র এবারও সুরক্ষিত থাকবে। ভোটের আগের দিন থেকে পরদিন ভোট চলা শেষে গণনা পর্যন্ত কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। কোন ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সভায় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন বলেন, ‘ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডে আমাদের ২৭জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে তার সংখ্যা বাড়ানো হবে।’ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে।’
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পরিচালক লে. কর্নেল শামীম ইফতেখার বলেন, ‘নিরাপত্তার জন্য শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের তিনটি এলাকায় ১৪ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও ৮ প্লাটুন রিজার্ভ থাকবে।’
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, ‘র্যাবের ৩৫টি টহল দল শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে পর্যবেক্ষণ করবে। এছাড়াও আরও ২০টি টহল দল প্রস্তুত থাকবে।’
নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবেন, সেটা অসম্ভব।’
নির্বাচনে ১৭৪ কেন্দ্রের সবগুলোতেই ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে র্যা ব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হবে। এ হিসেবে ১৭৪টি কেন্দ্রে ৪ হাজার ১৭৬ জন পুলিশ, আনসার, এপিবি ও অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করবেন।
/এমও/