পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: আদালতে স্বীকারোক্তি

Narayanjangনারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি স্পিনিং মিলে মো. ইয়ামিন (১৫) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সহকর্মী রায়হান হৃদয় (১৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এতে সে স্বীকার করেছে, হত্যার উদ্দেশ্যে নয় বরং শরীরে থাকা তুলা পরিষ্কারের সময় অসাবধনতাবশত বাতাস ঢুকলে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বুধবার রাতে সোনারগাঁওয়ের মৈষটেক এলাকায় বিআর স্পিনিং মিলে ইয়ামিনের শরীরে থাকা তুলা ও কাপড়ের ময়লা কম্প্রেসার মেশিন দিয়ে পরিষ্কারের সময় পায়ুপথে বাতাস ঢুকলে সে মারা যায়। ইয়ামিন জেলার আড়াইহাজার উপজেলার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। অপরদিকে আসামি রায়হান হৃদয় সোনারগাঁয়ের মাহমুদপুর এলাকার নুরুল হকের ছেলে। ঘটনার পরেই পুলিশ রায়হানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ইয়ামিনের বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের মামলার বরাত দিয়ে জানান, ছয় মাস আগে ইয়ামিন কারখানায় যোগ দেয়। বুধবার রাতে ফিনিশিং বিভাগের রায়হান হৃদয় কম্প্রেসার মেশিন দিয়ে ইয়ামিনের শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। সে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হলে মারা যায়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই  হাসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে আদালতে রেকর্ডকৃত জবানবন্দিতে রায়হান স্বীকার করেছে, কাজ শেষে কম্প্রেসার মেশিন দিয়ে ইয়ামিনের শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে অসাবধনতাবশত পায়ুপথে বাতাস ঢুকে যায়। তখন সে অসুস্থ হয়ে পড়ে। এটার পেছনে কোনও উদ্দেশ্য ছিল না।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে সাগর বর্মণ (১০) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:
আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

/বিটি/