দেশের যুবকদের দক্ষতা আমাকে বিস্মিত করেছে: জনপ্রশাসনমন্ত্রী

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামজনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফর করেছেন। এসময় তিনি বলেন, ‘আমার দেশের যুবকদের দক্ষতা আমাকে বিস্মিত করেছে। তাদের দেখে আমার প্রতিক্ষণই মনে হয় বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এ বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

শনিবার দুপুরে তার নিজ এলাকা কিশোরগঞ্জ শহরে চলমান নরসুন্দা প্রকল্প পরিদর্শন করে শোলাকিয়ায় নির্মিত একটি দৃষ্টিনন্দন সেতু উদ্বোধন করেন তিনি। বিকালে শিল্পকলা একাডেমি হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বক্তৃতায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সে সময় আমাদের অর্থ ছিল না, দক্ষতা ছিল না। আমরা ধীরে ধীরে সেই দক্ষতা আয়ত্ত করেছি। এখন যে কোনও প্রকল্প, তা যত বড়ই হোক, আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের দক্ষ কর্মীরা আত্মবিশ্বাস নিয়ে আজ এসব প্রকল্প বাস্তবায়ন করছে। এখন সরকারি কর্মকর্তারাও আগের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে।’কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফ বাংলাদেশের বর্তমান অর্জনকে বিস্ময়কর আখ্যায়িত করে আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে আমাদের বলা হতো বটম লেস বাস্কেট। বিদেশিরা বলত এটা রাষ্ট্র নয়, তলা বিহীন ঝুড়ি। কিন্তু আজ বাংলাদেশ সেখানে নেই। আপনি এখন যেখানে যান সেখানেই দেখতে পাবেন বিশাল কর্মযজ্ঞ চলছে। সব দক্ষ লোক মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের এজেন্সিগুলো যেসব বিশাল বিশাল উদ্যোগ হাতে নিয়েছে তা এক সময় আমরা কল্পনাও করতে পারতাম না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সদর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী।

/এফএস/