নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ধানের শীষের পক্ষে শোডাউন করেছে স্থানীয় ছাত্রদল নেতারা। সেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। তারা সিটি করপোরেশনের বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকাতে আলাদা শোডাউন করে ধানের শীষের পক্ষে ভোট চান।
রবিবার দুপুর ১টায় বন্দরে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের শোডাউনে যোগ দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান। সেখানে ছাত্রদল নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন। গণসংযোগের সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে প্রচারণায় অংশ নেন।
পরে দুপুরে সিদ্ধিরগঞ্জের চৌধুরীর বাড়ি এলাকায় গণসংযোগ করেন ছাত্রদল কেন্দ্রীয় সেক্রেটারি আকরাম উল হাসান মিন্টু। এ সময় নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. অপু, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, লিটন সরকার, নাহিদ হাসান, ইসমাইল মামুন, মহানগর ছাত্রদল নেতা আশিকুর রহমান অনি প্রমুখ উপস্থিত ছিলেন।
/বিটি/