নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান কোন পক্ষের সুবিধা নিতে চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমি সরকারি দলের হয়েও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি আর তিনি (সাখাওয়াত) বিরোধী দল হয়ে একবারও বলছে না প্রশাসন যেন নিরপেক্ষ থাকে।’
সোমবার বিকেলে শহরের ১৪নং ওয়ার্ডে গলাচিপা, গোয়ালপাড়া এলাকাতে গণসংযোগের সময়ে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মানুষ দলে দলে নৌকাকে সমর্থন করছে। চারদিকে নৌকার জোয়ার চলছে। পাড়া মহল্লায় ইতোমধ্যে দেখা যাচ্ছে মানুষের ঢল। নির্বাচনের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নারায়ণগঞ্জের মানুষ আমাকে জয়ী করবেই। আমি মানুষের পাশে সবসময় থেকেছি। তারাও আমার পাশে থাকবে বলি আমি আশা করছি।’
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূইয়া, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম পারভেজ, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।
/এআর/