আশুলিয়ার আরও দুটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিকদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার দ্য রোজ ড্রেসেস ও এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নামক পোশাক কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা দুটি হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে শ্রমিক অসোন্তষোর ঘটনায় মোট ৬টি মামলা হলো।
ভাঙচুর ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের অতিরিক্ত পরিচালক মাসুদ এবং দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানার সিকিউরিটি সুপারভাইজার মাহবুব মিয়া বাদী হয়ে দুটি মামলা করেন।
এর আগে একই ঘটনায় আরও তিনটি কারখানা কর্তৃপক্ষ ৭ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় এক হাজার শ্রমিকের বিরুদ্ধে ৫টি মামলা করেছে। এছাড়াও একই ঘটনায় উসকানি ও মদদ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা ও সাত শ্রমিক নেতাদের নামের একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সকালে জামগড়া এলাকার হামীম গ্রুপের দুই শ্রমিকের নাম উল্লেখসহ আরও ৫০০ শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়াও মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উইন্ডি গ্রুপ ও ফাউন্টেন কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় দুই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এছাড়াও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে সাত শ্রমিক নেতা ও বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি সহ ১৫জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় ৫টি কারখানা কর্তৃপক্ষ প্রায় এক হাজার শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। এছাড়াও পুলিশ বাদী হয়ে সাত শ্রমিক নেতা ও ৩ বিএনপির নেতার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
/এসটি/