ঘনকুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে নৌপথ না দেখার কারণে ভোর সাড়ে ৩টা-৪টা, ভোর সাড়ে ৪টা-সাড়ে ৫টা এবং ভোর পৌনে ৬টা- পৌনে ৯টা পর্যন্ত তিন বার ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি সেক্টরের সূত্র জানায়, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় ছোট বড় মিলে তিন শতাধিক যানবাহন পারাপাড়ের অপেক্ষায় রয়েছে।
এদিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌপুলিশের সহকারী উপ পরিদর্শক মামুন হোসেন জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে।
ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তারা জানান, যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪ টি ফেরি চলাচল করছে।
/এআর/