আশুলিয়ায় নির্মাণাধীন কারখানার ছাদ ধসে নিহত ৩

আশুলিয়াআশুলিয়ায় একটি নির্মাণাধীন কারখানার ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে  জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেড কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (২০), জালাল (৫০) ও শহিদুল (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আশুলিয়ার জিরাবো এলাকায় সকাল থেকেই শেখ আব্দুল্লাহ ও শামছুল মিয়ার মালিকানাধীন প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেডের একটি কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। বিকেলের দিকে হঠাৎ করে ওই কারখানার ছাদের এক পাশ ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক ধসে পড়া ছাদের নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণাধীন কারখানাটির রড ও সিমেন্ট খুবই নিম্নমানের থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)  একে এম শামীম হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:
হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

/বিটি/