রূপগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে হাতাহাতি, আহত ২৫

Narayanjangনারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারী ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে মহিলালীগ কর্মীদের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন মহিলা লীগ কর্মী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা। বই বিতরণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা লীগ নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ওই সময়ে নিলার প্রতিপক্ষ হিসেবে পরিচিত স্থানীয় আলমাছ ও আনোয়ার হোসেনসহ তাদের লোকজনদের সঙ্গে মহিলা লীগ কর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিলার কার্যালয়ে বিষয়টি নিয়ে সমঝোতার সময়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই সময়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে মহিলা লীগের অন্তত ২৫ জন আহত হয়। এসময় ওই কার্যালয়টিসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়।

প্রতিপক্ষ আলমাছ মেম্বার ও আনোয়ার পাগলা জানান, প্রধানমন্ত্রীসহ দলীয় ছবি ভাঙচুরের বিষয়টি মিথ্যা। ভাইস চেয়ারম্যানের লোকজনই ভাঙচুর করে মিথ্যা অপবাদ দিচ্ছে। এছাড়া মহিলালীগ কর্মীরা স্থানীয় দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করে। এর প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল বলেন, ‘দলীয় কার্যালয়ে যারা মহিলালীগ কর্মীদের উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অংশ আঘাত করে আহত ও শ্লীলতাহানি করেছে, তাদের কঠিন বিচার করতে হবে। তা না হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমডিপি/