গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে দুই নারী, দুই শিশু ও প্রাইভেটকারচালক রয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা-রাজশাহী রেলসড়কে গোয়ালবাথান এলাকার সোনাখালী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়ালবাথান এলাকার রিপন হোসেনের স্ত্রী লাকী আক্তার (৩০), মেয়ে রিভা আক্তার (৮), বিদ্যুৎ হোসেনের স্ত্রী তাহমিদা খাতুন (৩০) ও মেয়ে তালহা (১২) এবং প্রাইভেটকারচালক একই এলাকার মিনহাজ হোসেন (৪০)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল শেখ জানান, দুর্ঘটনার পরপরই নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, অরক্ষিত রেল ক্রসিং দিয়ে প্রাইভেটকারটি রেলসড়ক পার হচ্ছিল। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে তা আধা কিলোমিটার দূরে সোনাখালী ব্রিজের ওপর গিয়ে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা ঘটলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা করছে।
আরও পড়ুন:
মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেটকার ছিটকে গিয়ে ৫ জন নিহত
/বিটি/