সার্চ কমিটি সুন্দর হয়েছে: নৌমন্ত্রী

মাদারীপুরে নৌমন্ত্রী শাজাহান খানসার্চ কমিটি সুন্দর হয়েছে দাবি করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির রাজনীতি এখন জন্ডিসে পরিণত হয়েছে। তাই সরকারের সব বিষয়েই বিএনপির অপছন্দ।’ মাদারীপুর সার্কিট হাউসে শুক্রবার বিকালে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটি নিয়ে বিএনপি ক্ষুব্ধ হলেও কিছু করার নেই জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব দেবে, সেই মোতাবেক মানুষ নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।’

শাজাহান খান আরও বলেন, ‘বিএনপির আমলে নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপির মতো আজিজ মার্কা নির্বাচন কমিশন হবে না, তার চেয়ে অনেক শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে। এটি দেশের জনগণ আশা করে।’

‘দৈনিক মাদারীপুর সংবাদ’ এর চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য ড. মাহবুবুর রহমান, কর অঞ্চল-৭ ঢাকার কর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানসহ প্রমুখ।

/এমও/