গোপালগঞ্জে জমে উঠেছে শতবর্ষী সরস্বতী মূর্তির হাট

সরস্বতী মূর্তির হাট গোপালগঞ্জের কালিগঞ্জে জমে উঠেছে শতবর্ষী সরস্বতী মূর্তির হাট। শত বছর ধরে এখানে বিদ্যার দেবী সরস্বতী মূর্তির হাট বসে। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ হাট চলবে পূজার দিন ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মূর্তির কারিগর কোটালীপাড়া উপজেলার বান্ধন গ্রামের রতন পাল বলেন, ‘গত ১৫ বছর ধরে এ হাটে আমার গড়া মূর্তি বিক্রি করে আসছি। এ বছর পাঁচশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা দরে মূর্তি বিক্রি করছি। পূজার দিন ঘনিয়ে আসায় কেনাবেচা এখন জমে উঠেছে। মূর্তি বিক্রি করে ভালোই আয় হয়।’

তেতুলবাড়ি গ্রামের তেতুলবাড়ি যুবসংঘের অজিৎ বিশ্বাস বলেন, ‘ক্লাবের পূজার জন্য দুই হাজার টাকায় একটি মূর্তি কিনেছি। বুধবার পূজা করব। কালিগঞ্জের হাট থেকে শতাধিক  প্রাইমারি, হাই স্কুল, কলেজ ছাড়াও ক্লাব ও বাড়ির পূজার জন্য মূর্তি কেনা হয়।’ কোটালীপাড়া উপজেলার কুমুরিয়া গ্রামের সুভাষ চন্দ্র বসু বলেন, ‘ছোট বেলা থেকেই দেখছি কালিগঞ্জ বাজারে সরস্বতী মূর্তির হাট বসে আসছে। এখনও এ হাটের জৌলুস রয়েছে। বড়দের কাছে শুনেছি একশ’ বছর আগে থেকে এখানে হাট বসে আসছে।’

কালিগঞ্জ ছাড়াও জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর পয়সারহাট, ভাঙ্গারহাট, পীড়ারবাড়ী, সদর উপজেলার সাতপাড়, পাটকেলবাড়ী, কাশিয়ানী উপজেলার কাশিয়ানী, সিংগা, রামদিয়া, মুকসুদপুর উপজেলার জলিরপাড়, বাটিকামারী ও টুঙ্গিপাড়ার পাটগাতীসহ অন্তত ২০টি স্থানে মূর্তির হাট বসেছে।

এসব হাট থেকেই মূর্তিসহ পূজার আনুষঙ্গিক জিনিসপত্র কিনে নিয়ে যানবাহন ও নৌকায় করে নিয়ে যাচ্ছেন পূজারিরা।

/বিটি/