আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম এবং খুলনা জেলার আনসার আলীর ছেলে আব্বাস আলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আনন্দ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ২০ জন যাত্রী নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৮টার দিকে বাসটি আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দ পরিবহনের যাত্রী মরিয়ম ও ঈগল পরিবহনের চালক ও অপর এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুটি বাসের আরও ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/

আরও পড়ুন:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ নিহত ২, আহত ১০