সাভারে বাস থামিয়ে গুলি করে টাকা ছিনতাই, আহত ৩

সাভারসাভারে একটি যাত্রীবাহী বাস থামিয়ে গুলি করে পাঁচ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আবুল হোসেন (৫০), সানোয়ার হোসেন (৪৫) ও টুটুল (৩২)। সানোয়ার ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে টুটুল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

গুলিবিদ্ধ টুটুল জানান, সোমবার দুপুরে তারা তিনজন সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তারা বাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী তাদের বাসের গতিরোধ করে। পরে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীদের মধ্যে চারজন বাসের ভেতরে প্রবেশ করে। ছিনতাইকারীরা তাদের গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

/বিটি/