‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠানে শিশুরা মায়ের চরণ ধুয়ে-মুছে দিয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার ৫ উপজেলার ৮৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৫২ হাজার শিশু এতে অংশ নেয়। বাবা-মাসহ শিক্ষক ও গুরুজনদের শ্রদ্ধা-ভক্তির প্রায়োগিক শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছে।
গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান।
স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া, স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এটি অব্যাহত থাকলে ছেলে বেলা থেকে শিশুরা নৈতিক শিক্ষা পেয়ে মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করবে বলে আমি বিশ্বাস করি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.মোখলেসুর রহমান বলেন, ভালও মানুষ তৈরির জন্য ‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিশুদের কচি মনে দাগ ফেলবে। তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন করব।
/জেবি/
আরও পড়তে পারেন: কুমিল্লা সিটি নির্বাচন: শিক্ষায় এগিয়ে সীমা, সম্পদে সাক্কু