শিশু চোর চক্রের মূল হোতা স্বামী -স্ত্রী গ্রেফতার

Narayanganj_rab Arrest

রাজধানী ঢাকার শাহ আলী এলাকা থেকে ৮ মাসের শিশু মরিয়মকে অপহরণকারী সংঘবদ্ধ শিশু চোর চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজীর র‌্যাব-১’র পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এই চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন (২৮) ও তার স্ত্রী সালমা (২২)।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন জানান,  গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে ৮ মাসের মেয়ে মরিয়ম নিখোঁজ হয়। পরে র‌্যাব অভিযোগ পেয়ে তদন্ত করে নিশ্চিত হয় অপরাধীরা নারায়ণগঞ্জে অবস্থান করছে। ২৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে শিশু মরিয়মকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের তিন সদস্য মাসুম, তানিয়া ও মৌসুমী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা শিশু মরিয়মকে চুরি ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত। মরিয়ম ঢাকার মিরপুরে যে বাসায় থাকে তার পাশের বাসার আল আমিন (২৮) ও সালমা (২২)দম্পতি গত ১৯ ফেব্রুয়ারি তাকে চুরি করে। আল আমিন তার বোন মিনারা ওরফে তানিয়ার মাধ্যমে মরিয়মকে নিঃসন্তান মাসুম ও তার স্ত্রী মৌসুমীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। জিজ্ঞাসাবাদে মিনারা ওরফে তানিয়া জানায়, তার ভাই আল আমিনের স্ত্রী পলাতক সালমা তার নিজের সন্তানকেও প্রায় ৮ মাস পূর্বে ৭ মাস গর্ভে থাকা অবস্থায় মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন ও সালমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াদা এলাকাতে বসবাস করতো।

/জেবি/

আরও বলতে পারেন: গোপালগঞ্জে ছাত্র-অভিভাবকের পিটুনিতে শিক্ষক হাসপাতালে