নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি হোসিয়ারি কারখানার বিপণন কর্মকর্তাকে দুই শ্রমিক পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ফতুল্লার কাশীপুরে ‘রূপাইয়া হোসিয়ারি’ কারখানায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফাহিম আহমেদ (২৬) নামে ওই কর্মকর্তাকে হত্যার পর তারা কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) মাজেদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাহিম মুন্সিগঞ্জের কাগজীপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।
রূপাইয়া হোসিয়ারি কারখানার মালিক রাশেদ শিকদার সম্পর্কে নিহত ফাহিমের ভগ্নিপতি। রাশেদ শিকদার জানান, কারখানাতে ফাহিম ছাড়াও দুইজন শ্রমিক সোহাগ ও ইউসুফ রাতে কাজ শেষে ঘুমাত। রবিবার সকাল ৯টায় তিনি কারখানায় গিয়ে দেখেন বাইরে তালাবদ্ধ। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফাহিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা যান।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই ) মাজেদ মিয়া জানান, ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া দুই শ্রমিক শক্ত কিছু দিয়ে তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফাহিমের মৃত্যু হয়েছে। পলাতক দুইজনকে আটকের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা হলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
/জেবি/
আরও পড়তে পারেন: বেরোবি’র সাবেক উপাচার্যসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট