মানিকগঞ্জের সিংগাইরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী লাল চাঁনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এই রায় দেন। আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী এ কে এম নুরুল হুদা রুবেল।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এ কে এম নুরুল হুদা রুবেল ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালে সিংগাইরের মৃত ইয়াকুবের মেয়ে সালমা বেগমের সঙ্গে একই উপজেলার করিম গাজীর ছেলে লাল চাঁনের বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকেই লাল চাঁন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সালমাকে মারধর করতো। সালমাকে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে যৌতুকের দাবিতে লাল চাঁন ও তার পালক বাবা মুন্নাফ পাল পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন। পরে তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ সরকার পেনাল কোডের ৩০২ ধারায় মামলা করেন এবং নিজেই মামলার দতন্ত ভার নেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৬ জুন আসামি লাল চাঁন ও তার পালক বাবা মুন্নাফের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্রখল দাখিল করেন। মামলা চলাকালীন সময় আসামি মুন্নাফ পাল মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামি লাল চাঁনের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: সিলেটে `জঙ্গি ঠেকাতে’ তথ্য সংগ্রহ করছে পুলিশ