কারখানার মেশিনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সাভার

সাভারে একটি কয়েল তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে রায়হান নামের (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় রাজফুলবাড়িয়া এলাকার কাজী এন্টারপ্রাইজ লিমিটেড নামে ঈগল কয়েল তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন।

নিহত কিশোর গাইবান্ধার সদর থানার বলমজার গ্রামের রফিকুল হোসেনের ছেলে। সে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে ওই কারখানায় কাজ করতেন।

কারখানার শ্রমিকরা জানায়, রবিবার সকালে কারখানায় ঢুকার পর রায়হান কয়েল তৈরির মেশিনে কাজ করছিলেন। এসময় অসর্কতাবশত ওই মেশিনে কাটা পড়ে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/ জেবি/

আরও পড়তে পারেন: মেঘনায় ট্রলারডুবি: আরও ৫ লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৬