জাবি ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীকে ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের পাশে এ ঘটনা ঘটে।
রবিবার (২ এপ্রিল) ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগের প্রস্তুতি নিলেও সন্ধ্যায় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিষয়টি মীমাংসা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শহীদ রফিক-জব্বার হলের পার্শ্ববর্তী দোকানে ইংরেজি বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার সাগর ও হাসানুল আলম রুবেল বসে চা খাচ্ছিলেন। তারা দুজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এ সময় মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগকর্মী সিয়াম আহমেদ রাতুল (জেনেটিক্স, ৪৩ তম ব্যাচ) সাগরকে ধাক্কা দিয়ে পাশে বসলে তারা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে সমঝোতা হলে ছাত্রলীগকর্মী রাতুল স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর তিনি ৫-৬ শিক্ষার্থীকে বাইকে করে নিয়ে এসে একই স্থানে সাগর ও রুবেলকে মারধর করেন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেনের (রসায়ন, ৪৪ তম ব্যাচ) পরিচয় পাওয়া গেছে।
মারধরের সময় তাদের কাছ থেকে একটি মানিব্যাগে থাকা দেড় হাজার টাকা, একটি আইফোন ও একটি হুয়াওয়ে মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন দুই ভুক্তভোগী শিক্ষার্থী।
সাগর অভিযোগ করে বলেন, ‘তারা পরিকল্পিতভাবে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করেছে। আমরা যখন বিকাশ থেকে টাকা উঠাচ্ছিলাম তখন থেকেই রাতুল আমাদের টার্গেট করে রেখেছিল।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগকর্মী রাতুল ও দেলোয়ারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে উভয়েরই ফোন বন্ধ পাওয়া যায়।
ওই ঘটনার পর আজ তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছে দেওয়ার জন্য লিখিত অভিযোগ প্রস্তুত করেন। কিন্তু সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। সেখানে ছিনতাই হওয়া টাকা ও ফোন ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মারধর ও ছিনতাইয়ের শিকার ওই দুই শিক্ষার্থী বলেছেন, ‘আমরা ছাত্রলীগের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি। তারা যে ব্যবস্থা নেবেন সেটা আমরা মেনে নেব।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘দুই ছাত্র আমার কাছে অভিযোগ করেছিল। বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হয়েছে।’
/এআর/