নারায়ণগঞ্জে ঝড়ে অনেক দোকান লণ্ডভণ্ড, ভেঙে পড়েছে বিলবোর্ড

Narayanganj_pic-2নারায়ণগঞ্জে সোমবার (৩ এপ্রিল) রাতে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক দোকান। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বিলবোর্ড। এতে আহত হয়েছে অন্তত ১০জন। ঝরের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে কালবৈশাখীর তাণ্ডবে শহরের চাষাঢ়ায় অবস্থিত আর্মি মার্কেটের প্লে বয় নামের দোকান থেকে শুরু করে অন্তত ৮টি দোকানের টিনের চাল উড়ে গিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উপরে গিয়ে পড়ে। ওই ৮টি দোকানের মধ্যে আরও রয়েছে শীতল এসি বাস কাউন্টার, বন্ধন পরিবহনের কাউন্টার, উৎসব পরিবহনের কাউন্টার, ভাই ভাই স্টোর, মেসার্স মর্ডান ইলেকট্রিক নামের দোকান।

ওইসময়ে সড়ক দিয়ে যাচ্ছিল উৎসব ও বন্ধন পরিবহনের দুটি বাস। টিনের চাল গিয়ে বাসের উপরে পড়ে। এতে বন্ধন পরিবহনের কর্মচারী কাউসার, মর্ডান ইলেকট্রিকের মালিক মো. লিটন ও তার কর্মচারী আলহাজসহ অন্তত ১০জন আহত হয়েছে।

Narayanganj_pic-3ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার প্রভাবে গোটা শহর জুড়েই সৃষ্টি হয় যানজটের। পরে রাত সাড়ে ৮টায় আবার যান চলাচল শুরু হয়।

এদিকে কালবৈশাখীর তান্ডবে সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতরে একটি বিটিসিএল (টিএন্ডটি) এর বৈদ্যুতিক খুটিও উপড়ে পড়েছে। শহরের নগর খানপুরেও একাধিক ঘরের টিনের চালা উড়ে যায়।

এছাড়াও কালবৈশাখীর তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক মামুনুর রশিদ জানান, চাষাঢ়ার আর্মি মার্কেটের ঘটনা ছাড়া কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। এছাড়া বড় ধরনের তেমন কোনও ঘটনা ঘটেনি।
/এআর/