হতদরিদ্রের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারসহ আটক ২

নরসিংদীনরসিংদীর মনোহরদীতে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বাররদিয়া বাজারের ডিলার রফিকুল ইসলাম ও তার সহযোগী সাদিকুল ইসলাম রানা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ কাচিকাটা ইউনিয়নের বাররদিয়া বাজারের ডিলার রফিকুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণের জন্য ডিলার রফিকুল ইসলাম ২১০ বস্তা চাল উত্তোলন করেন। এর মধ্যে ভুয়া স্বাক্ষরে ৫২ বস্তা চাল বিতরণ দেখিয়ে তা বিক্রি করে দেওয়া হয়। পরে বিতরণ করা বাকি ১৫৮ বস্তা চাল জব্দ করাসহ ডিলার রফিকুল ইসলাম ও তার সহযোগী সাদিকুল ইসলাম রানাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ‘আটককৃত ডিলার রফিকুল ইসলাম চাল বিতরণে অনিয়মের কথা স্বীকার করেছেন।’

/এআর/