অপহরণের ২০ দিন পর মোহাম্মদ মাহিন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভার চামড়া শিল্প নগরীর পাশে বংশী নদী থেকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মাহিনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম কামরুজ্জামান।
মাহিন রাজধানীর কল্যাণপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে নিখোঁজ হয়। সে ভোলা জেলার লালমোহন থানার হরিনগঞ্জ গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। সে পীরেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো এবং স্থানীয় আলোর পথ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
নিহত শিশুর পরিবার জানায়, বিশ দিন আগে রাজধানীর কল্যাণপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার আলোর পথ স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পরই অপহৃতের পরিবার মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে মুক্তিপণের টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বংশী নদিতে ফেলে দেয়। পরে অপহরনকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে পুলিশ দুই জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় বংশী নদীতে থেকে শিশু মাহিনের লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার বাইদগাঁও এলাকায় নিজ কক্ষ থেকে দেলোয়ার নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আমানউল্লার ছেলে ও গাজীপুরের বঙ্গবন্ধু কলেজের মানবিক শাখার পরিক্ষার্থী ছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
/জেবি/
আরও পড়তে পারেন: ছাত্রলীগের কেউ জঙ্গি হলেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী