গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়া চিকিৎসক দম্পতির দায়ের করা মামলায় সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার দুপুরে গণমাধ্যমের সামনে ওই ডাকাতদের হাজির করে অভিযানের তথ্য জানায় ডিবি।

ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতারদুপুরে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত ১৪ মার্চ রাতে ডাক্তার উম্মে আছমা সাকি ও তার স্বামী ডাক্তার মো. আশফাক দেলোয়ার প্রাইভেটকারে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নারায়ণগঞ্জের মধুমতি ফিলিং স্টেশনের সামনে ডাকাতদের কবলে পড়ে। অজ্ঞাতনামা ৯/১০ জন ডাকাত গাড়িটি গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে ২৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনায় চিকিৎসক দম্পতি সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে ডিবি। পরে কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতি হওয়া ১টি মোবাইল, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুজারভাঙ্গা গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৫), একই থানার সাতপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা (২৮), একই থানার উত্তর সতানন্দি গ্রামের আ. রশিদ মেম্বারের ছেলে সোহেল (৩০), সতানন্দী গ্রামের হরিপদ সরকারের ছেলে রঞ্জিত সরকার (৩২) এবং দক্ষিণ সদর থানার মৃত লাল মিয়ার ছেলে ইউনুছ আলী (২৮)।

/এমও/