অপহরণের এক মাস ২২দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় অপহরণকারী হিসেবে মো. সোয়াইব ওরফে সেফ (২৫) ও আশ্রয়দাতা মাসুদ মোল্লাকে (৬০) গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এরপর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শহরের পলাশপাড়ার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মিয়া।
সোয়াইবের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে। তিনি ওই গ্রামের ছুকু মিয়ার ছেলে। মাসুদ মোল্লার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে।
গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন মিয়া বলেন, ওই স্কুলছাত্রীটির গৃহশিক্ষক ছিলেন সোয়াইব। গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীটি অপহরণের শিকার হয়। ১ মার্চ ওই স্কুলছাত্রীটির বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ও স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা পিবিআইয়ের কাছে তাকে উদ্ধারের জন্য একটি লিখিত আবেদন করা হয়। আবেদনের পরে প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপহৃত স্কুলছাত্রী ও আসামিদের গাইবান্ধা সদর থানায় মামলার তদন্তকারি কর্মকর্তা জালাল উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
/জেবি/