গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-শিশুসহ নিহত ৩

ট্রেনে কাটাগাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। ততে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাঁদন মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুরের তিতাসগ্যাস-বিএডিসি রেলক্রসিং এলাকায় আট বছরের এক শিশু মেয়েকে নিয়ে তার মা (৩০) ঢাকা-রাজশাহী রেলসড়ক পার হচ্ছিলেন। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার মেয়ে দু’জনই ঘটনাস্থলে নিহত হন।
এসআই দাঁদন মিয়া আরও জানান, নিহত শিশুটির পরনে কালো স্কার্ট ও সাদা শর্ট প্যান্ট এবং তার মায়ের পরনে সবুজ ও গোলাপী প্রিন্টের বোরকা রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, একইদিন একই রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের আহাকি এলাকায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের হাত, পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরনে কালো রংয়ের থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং হলুদ-কালো রংয়ের চেক ফুলশার্ট রয়েছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

/এমও/