গাজীপুরে তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তারেক রহমাননাশকতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত বাকিরা হলেন লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল আহসান রনি, সোহেল, ইমরান, হালিম সিকদার, ডা. আলী আকবর, মোবারক হোসেন ও আব্দুল আজিজ।

২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে গাজীপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাজীপুরের মনিপুর খাসপাড়া এলাকায় তারেক জিয়া মোড়ে বিএনপির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে। এ সময় তারা একটি বাসে কেরোসিন ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই  দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই  এনামুল হক একই বছরের ২৫ আগস্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সহকারি লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় গত ৩০ এপ্রিল তারেক রহমান, লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল হক রনিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/বিএল/