ব্যবসায়ীকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ

আহত ব্যবসায়ী কবির মৃধা

মাদারীপুরের কালকিনি উপজেলার এক পানব্যবসায়ীকে অপহরণের পর তার দুই চোখ উপড়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর নাম  কবির মৃধাকে। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ির বাসিন্দা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালকিনির সীমান্তবর্তী শরীয়তপুর জেলার গজারিয়া গ্রামে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সাংবাদিকদের এই তথ্য জানান।

কবির মৃধার পরিবারের অভিযোগ,  বিকালে কালকিনির খাসেরহাট বন্দর থেকে ঢাকাগামী লঞ্চে ওঠেন কবির মৃধা। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে যাত্রী উঠানোর জন্য থামলে আগে থেকে ওঁৎপেতে থাকা সুমনবাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশকে জানালে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়ি সংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে বসে চোখ উপড়ে তোলার চেষ্টাকালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বুধবার রাত ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে মৃধার পরিবার।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন,  ‘খবর পেয়ে পুলিশ কবির মৃধাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে।’

/এএ/