গোপালগঞ্জের মুকসুদপুরে নসিমন উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলা তিতা গ্রামের টুকু মোল্লার ছেলে জিল্লাল মোল্লা (২৫) ও একই উপজেলার বড় পারুলিয়া গ্রামের নুর হোসেনের ছেলে রমজান আলী (৪৫)। শনিবার (৬ মে) মুকসুদপুর উপজেলার উজানী মঠবাড়ীতে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলা সদর থেকে নছিমনে একটি মিক্সার মেশিন নিয়ে মুকসুদপুর উপজেলার উজানী মঠবাড়ী যাচ্ছিলেন শ্রমিক জিল্লাল ও রমজান।উজানী মঠবাড়ীতে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
ওসি (তদন্ত) জাফর মিয়া বলেন, ‘নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
/এসএমএ/